🏛️ প্রতিষ্ঠার ইতিহাস
১৯৮৭ সালে বামনডাঙ্গার স্থানীয় শিক্ষানুরাগী যুব সম্প্রদায় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকায় শিক্ষার আলো বিকশিত করার লক্ষ্যে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। অতঃপর মরহুম এ.কে.এম. আব্দুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ও অত্র এলাকার সর্বসাধারণের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতায় ১৯৮৭ সালের ২৮শে মে বামনডাঙ্গা আব্দুল হক কলেজটি প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ সালের ১৪ই মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক উচ্চ মাধ্যমিক স্তরের প্রাথমিক অনুমতি লাভ করে। এরপর ধীরে ধীরে কলেজটি তার পথচলা শুরু করে। ১৯৯৪ সালে কলেজটি এমপিওভুক্ত হয়, যা ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উচ্চ শিক্ষার পরিধি সম্প্রসারণের ধারাবাহিকতায় ২০১২ সালের ১২ই এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস) কোর্সের অধিভুক্তি লাভ করে।
কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষক মণ্ডলীর প্রচেষ্টায় শিক্ষার্থীদের নিজস্ব মেধা, চিন্তা শক্তি ও বুদ্ধিমত্তাকে যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৩৬ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারী নিয়ে কলেজটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রয়েছে।
EIIN: ১২১৭৫৬ | কলেজ কোড: ৬২২৭ | জা.বি কোড: ৩৩৩১ | এমপিও কোড: ৮৭০৭০২৩১০১